
১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২০২ আসনে এনডিএ জোট জয়ী হয়ে জেডিইউ সুপ্রিমো নিতিশ কুমার দশম বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। বিহারে এনডিএ’ জোটের এই জয়ের পর থেকেই বিরোধী দলগুলো নির্বাচন প্রক্রিয়ায় ভোট চুরির অভিযোগ তুলেছে। এই প্রেক্ষাপটে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মশাল হাতে রাস্তায় নেমেছেন হাজার হাজার যুবক। ৩২ সেকেন্ডের ওই ভিডিওটি আসলে দুটি আলাদা ভিডিওর সংমিশ্রণ। উপরের ওভারলে অংশে দেখা যায়, এক ব্যক্তি ভোট চুরির অভিযোগ এনে বিহারকে নেপালে পরিণত করার হুমকি দিচ্ছেন; আর পেছনের ভিডিওতে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ একটি নির্দিষ্ট দিকে মার্চ করছেন।
তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভাইরাল এই দাবিটি মিথ্যে। কিংবদন্তি গায়ক জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে একত্রিত হওয়া জনসমুদ্রের ভিড়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে উপরের ভিডিওটির উৎস খুঁজে বের করার জন্য ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করি। ‘Expose Bihar’ লেখা থাকা মাইকটিকে সূত্র ধরে এই নামের ইনস্টা ও ফেসবুক প্রোফাইল খুঁজে দেখি এবং সেখানে এই ভিডিওটিও খুঁজে পাই। ভিডিওটি ৮ নভেম্বর পোস্ট করা হয়েছে। বিহারের সরাইরঞ্জন বিধানসভা কেন্দ্রে ৬ নভেম্বর ভোটগ্রহণ হয়েছিল। দুই দিন পর সেই কেন্দ্রে জেডিইউ নেতা বিজয় কুমার চৌধুরীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলে আরজেডি সমর্থকেরা। ভোট কারচুপির প্রতিবাদ করার সময় সেই সমর্থকদের একজন বিহারে নেপালের মতো পরিস্থিতি তৈরি করার হুমকিও দিয়েছিলেন।
দ্বিতীয় ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই দৃশ্য সম্বলিত একটি ইন্সতাগ্রাম পোস্ট পাওয়া যায়। ২৬ সেপ্টেম্বরে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জুবিন গার্গ শুধু একজন গায়কই নন, তিনি আসামের এক অনুভূতি ♥️😌 তুমি সর্বদা আমাদের হৃদয়ে থাকবে ❤️ আসাম তোমাকে কোনোদিন ভুলবে না।“
যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি বিহারের নয়। প্রসঙ্গত, বলে রাখা ভালো ১৯ সেপ্টেম্বরে প্রখ্যাত গায়ক জুবিন গার্গ মৃত্যু বরন করেছেন এবং তার শোকের ছায়া আসাম সহ পুরো ভারতের নেমে এসেছিল।
উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদ মাধ্যম ‘Indiatimes’-এর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পাওয়া যায়। ২২ সেপ্টেম্বরে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,“গুয়াহাটিতে হাজারো মানুষ গায়ক জুবিন গার্গকে আবেগঘন বিদায় জানালেন।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ মিছিলের দাবি করে শেয়ার করা ভিডিওটি আসলে আসামের। কিংবদন্তি গায়ক জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে একত্রিত হওয়া জনসমুদ্রের ভিড়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
Title:গায়ক জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে একত্রিত হওয়া জনসমুদ্রের ভিড়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

