রাজস্থানের জয়পুরে কংগ্রেস পার্টির নতুন অফিস উদ্বোধনের সময় কালমা পাঠ করা হয়েছে? জানুন ভিডিওর সত্যতা 

Altered Communal

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ঘরে অনেক লোক বসে একটি সভা করছেন। সেই সভায় মুসলমানদের রীতি মেনে আরবির কিছু লাইন পাঠ করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাজস্থানের জয়পুরে কংগ্রেস পার্টির নতুন অফিস উদ্বোধনের সময় এই কালমা পাঠ করা হচ্ছিল।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”রাজস্থানের জয়পুরে #কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধনের সময়, #হনুমান চল্লিশা, কিংবা গনেশ পূজো কিংবা অন্য কোনো #রাষ্ট্রীয় গীত দিতে উদ্বোধন হয়নি। বরং #আরবী ভাষায় কিছু পাঠ করে উদ্বোধন করা হয়। যে আরবী ভাষা একদিন ভারত #আক্রান্তরা এই ভারতে এনেছিল। আমি জানি এই খবর দেখে/ শুনে এই রাজ্যের ও সেক্যুলার ও #বামপন্থীরা অত্যধিক খুশি হবে, কারণ তাদের #পিতৃতন্ত্রের সানাই শুনতে পেয়েছে।🙂 আমিন..!🤲😊।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ২০২৩ সালের অক্টোবরে জয়পুরে কংগ্রেস পার্টির সদর দফতরে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে অনুষ্ঠিত একটি আন্তঃধর্মীয় প্রার্থনা সভার। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওটি ভালো ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারি ভাইরাল এই ভিডিওটি ‘Heena Khan’ নামে একজন ব্যবহারকারীর ফেসবুক লাইভের স্ক্রিন রেকর্ডিং। 

‘Heena Khan’ নামের এই ফেসবুক প্রোফাইলটি খুঁজে বের করি। প্রোফাইলের বাইও অনুযায়ী তিনি জয়পুর সিটি জেলা কমিটির সাধারণ সম্পাদক। তার প্রোফাইল থেকে ৩১ অক্টোবর, ২০২৩, তারিখে করা একটি পোস্টে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে যার সাথে ভাইরাল ভিডিওর দৃশ্যের অনেক মিল পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শতকোটি প্রণাম।“ 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

উপরোক্ত পোস্টের ছবি এবং ভাইরাল, ভিডিওর স্ক্রিনশটের একটি ফ্রেমের তুলনামুলক ফ্রেম নীচে দেওয়া হল যা থেকে বোঝা যায় দুটো একই ঘটনার দৃশ্য। 

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে এই সভা ক্লেন্দ্রিক ডিডি নিউজ-এর একটি ভিডিও উপস্থাপন পেয়ে যায়। ৩১ ডিসেম্বর,২০২৩, তারিখে আপলোড করা এই ভিডিওতে হিনা খানকে একই পোশাকে দেখা যায়। 

আমরা একই দিনে কংগ্রেস নেত্রী ও রাজস্থান শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন সঙ্গীতা বেনিওয়ালের একটি পোস্টও পেয়েছি। সেখানে একই বৈঠকের ভিডিও রয়েছে, পেছনে ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গান শোনা যায় এবং হিনা খানকেও দেখা যায়। 

ফ্যাক্ট ক্রিসেণ্ডো সঙ্গীতা বেনিওয়ালের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানান,” ভাইরাল ভিডিওটি অসম্পূর্ণভাবে শেয়ার করা হচ্ছে। অনুষ্ঠানে সব ধর্মের প্রার্থনাই করা হয়েছিল। হিন্দু ভজন গাওয়া হয়, শিখ ও খ্রিস্টানরা প্রার্থনা করেন, মুসলিমরাও কোরআনের কালমা পাঠ করেন। আমি নিজেই ওই সভায় উপস্থিত ছিলাম।“ 

রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক স্বর্ণিম চতুর্বেদীর একটি এক্স পোস্ট পাই। তিনি ২ আগস্ট ২০২৪ তারিখে ভাইরাল এই দাবি খণ্ডন করে স্পষ্ট করেছিলেন যে, এটি জয়পুরে রাজস্থান প্রদেশ কংগ্রেসের দফতরে অনুষ্ঠিত একটি আন্তঃধর্মীয় প্রার্থনা সভার ভিডিও। 

পোস্টের ক্যাপশনে জানিয়েছিলেন,”জয়পুরে রাজস্থান প্রদেশ কংগ্রেস সদর দফতরে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় প্রার্থনা সভার একটি ভিডিও ক্লিপ যেখানে ভজন, গুরবানি, বাইবেল ও কোরআন থেকে পাঠ করা হয়েছে তা কংগ্রেস পার্টির বিরুদ্ধে অপপ্রচার ছড়াতে ব্যবহার করা হচ্ছে। দাবি করা হচ্ছে যে এটি জয়পুরে কংগ্রেসের নতুন অফিস উদ্বোধনের ভিডিও, যদিও নতুন অফিস এখনও নির্মিত হয়নি। কংগ্রেস পার্টি শীঘ্রই আইনি পদক্ষেপ নেবে।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবরে জয়পুরে কংগ্রেস পার্টির সদর দফতরে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় প্রার্থনা সভার একটি ভিডিও ক্লিপকে সাম্প্রদায়িকতার সঙ্গে জুড়ে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:রাজস্থানের জয়পুরে কংগ্রেস পার্টির নতুন অফিস উদ্বোধনের সময় কালমা পাঠ করা হয়েছে? জানুন ভিডিওর সত্যতা 

Fact Check By: Nasim A  

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *