তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের পুরোনো ভিডিওকে জন্তর মন্তরের বিক্ষোভের সঙ্গে জুড়ে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

False Social

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির জন্তর মন্তরে চলমান বিক্ষোভ এখন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্দোলনের অন্যতম মুখ সনাম ওয়াংচুককে জোরপূর্বক বিক্ষোভস্থল থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁর সমর্থনে এবং আন্দোলনের মূল দাবির প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন হৃতিক রোশন, সোনাক্ষী সিনহা ও প্রকাশ রাজের মতো তারকারা। এই প্রেক্ষাপটে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে একটি গাড়িতে কোথাও যেতে দেখা যায়। এ সময় তাঁর গাড়িকে ঘিরে সমর্থকদের উপচে পড়া ভিড়ও দেখা যায়। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি চলমান বিক্ষোভকে সমর্থন জানাতে জন্তর মন্তরে পৌঁছেছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জন্তর মন্তরে পৌঁছে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়!  একটি কালো গাড়িতে বসে হাত জোড় করে জনতার অভিবাদন গ্রহণ করছেন তিনি। CJP আন্দোলন এখন পেয়েছে অপার জনসমর্থন! শিক্ষা ব্যবস্থার সংস্কার ও NEET কেলেঙ্কারির বিরুদ্ধে এই যুব আন্দোলন এবার আরও শক্তিশালী। তামিলনাড়ু থেকে দিল্লি — বিজয়ের এই সমর্থন দেখে উৎসাহিত হয়ে উঠেছে গোটা দেশের যুবসমাজ। পরিবর্তনের হাওয়া বইছে!।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ভিডিওটি পুরনো এবং চলমান বিক্ষোভ প্রদর্শনের সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিওটি ‘Harshitha Karthik’ নামের ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ৪ মে, ২০২৬, তারিখে পোস্ট করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০ জুন,২০২৬, তারিখে দিল্লির জন্তর মন্তরে শুরু হয় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ প্রদর্শন। অ্যাক্টিভিস্ট সনম ওয়াংচুক ২৮ জুন বিক্ষোভস্থলে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন এবং ১৮ জুলাইয়ে তার অনশনের ২০ তম দিনে তাকে জোরপূর্বক প্রদর্শন স্থল থেকে উঠিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ, বিজয় থালাপাথির ভাইরাল এই ভিডিওটি বিক্ষোভ প্রদর্শনের আগে থেকে ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। ভিডিওটি চলমান বিক্ষোভ প্রদর্শনের সাথে সম্পর্কিত নয়। 

আরও সার্চের মাধ্যমে দিল্লি পুলিশের একটি এক্স পোস্ট পাওয়া যায় যেখানে ভাইরাল দাবিকে খণ্ডন করে লেখা হয়েছে,”তথ্যটি মিথ্যা। ভাইরাল ভিডিওটি দিল্লির জন্তর মন্তরের নয়। অনুগ্রহ করে এ ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার বা ছড়িয়ে দেবেন না।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয় থালাপাথির ভাইরাল এই ভিডিওটি পুরনো এবং চলমান বিক্ষোভ প্রদর্শনের সাথে সম্পর্কিত নয়। 

Result Stamp

Title: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের পুরোনো ভিডিওকে জন্তর মন্তরের বিক্ষোভের সঙ্গে জুড়ে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *