
দিল্লির জন্তর মন্তরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপাথির একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তিনি বিক্ষোভকে সমর্থন জানাতে ঘটনাস্থলে পৌঁছেছেন। ভিডিওতে কড়া নিরাপত্তার মধ্যে জোসেফ বিজয়কে সমর্থকদের ভিড়ের প্রতি হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।
ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”#দিল্লি জন্তর মন্তরে CM বিজয় থালা-পতি পৌঁছে গিয়েছে, তাহলে এবারে কি হবে।“
তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি, দাবিটি মিথ্যা। ভিডিওটি ১৩ জুলাইয়ের, যেদিন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তাঁর বিধানসভা কেন্দ্র পেরাম্বুর সফরে গিয়েছিলেন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতে করতে এই একই ভিডিওটি তামিল সংবাদ মাধ্যম ‘পুথিয়াথালাইমুরাই’-এর সাংবাদিক ভিরা’র ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ১৩ জুলাই,২০২৬, তারিখে করা এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে জানানো হয়- এটি মুখ্যমন্ত্রী বিজয় থালাপাথির পেরাম্বুর বিধানসভা সফরের।
গুগল সার্চের মাধ্যমে পাওয়া একাধিক সংবাদ প্রতিবেদন ও ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায় যে, বিজয় থালাপাথি ১৩ জুলাই পেরাম্বুর সফরে গিয়েছিলেন। বিভিন্ন ভিডিওতে তাঁকে ভাইরাল ভিডিওটির মতো একই পোশাকে দেখা যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটিই ছিল তাঁর নিজ বিধানসভা কেন্দ্র পেরাম্বুরে প্রথম সফর। এ সময় তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন, বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন এবং আরও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপাথির জন্তর মন্তরে পৌঁছানোর দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওটি ১৩ জুলাইয়ের, যেদিন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তাঁর বিধানসভা কেন্দ্র পেরাম্বুর সফরে গিয়েছিলেন।

