তৃণমূলের যোগদান করে তৃণমূলকেই চোর, ডাকাত ও ধর্ষক বললেন প্রতীক উর রহমান? জানুন ভিডিওর সত্যতা 

Altered Political

কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলের প্রতীক হাতে নিয়ে যুব সিপিআই (এম) নেতার দল পরিবর্তনের ঘতনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়েছে। সিপিআই (এম) নেতা প্রতীক উর রহমানের দল পরিবর্তনের এই আবহে তার একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে যেখানে দেখা যাচ্ছে তৃনমূল কংগ্রেসের র্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রতীক রহমানের হাতে দলের ঝাণ্ডা তুলে দিচ্ছেন এবং নীচে চলমান ভিডিওতে প্রতীক মাইক হাতে কথা বলছেন। তাকে বলতে শোনা যাচ্ছে,“যারা চুরি করে তাদের চোর বলা হয়, যারা ডাকাতি করে তাদের ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদের ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদের আমরা তৃণমূল বলি।”

ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে,”তৃণমূলের ঝান্ডা ধরেই তৃণমূলকেই চোর,ডাকাত,ধ র্ষ ক বললেন প্রতীকউর। #ChorTMC #RejectBJP #CPIM #VoteForLeft।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সিপিআই (এম)-এ থাকাকালীন পাশকুড়ার এক প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করে দেওয়া তাঁর ভাষণের অডিওকে তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ের ভিডিওর সঙ্গে জুড়ে বিভ্রান্তিকর দাবিসহ শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

নতুন দলে যোগ দেওয়ার পরই সেই দলের সমালোচনা করা একজন রাজনীতিকের কাছ থেকে সাধারণত প্রত্যাশিত নয়। তাই ভিডিওটির সঙ্গে করা দাবিটি সন্দেহের জন্ম দেয়।

দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রতীক উর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ের ভিডিওটি খুঁজে বের করি। সিপিআই (এম) নেতার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদানের পুরো অনুষ্ঠানটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়েছিল। পুরো ভিডিওতে কোথাও প্রতীক উর রহমানকে সেই দাবীকৃত ফেসবুক ভিডিওতে শোনা কথাগুলো বলতে দেখা যায় না।

https://www.facebook.com/share/v/177HQzCEYK

দাবীকৃত ফেসবুক ভিডিও ও যোগদান অনুষ্ঠানের ভিডিও পাশাপাশি রেখে বিশ্লেষণ করে দেখা যায়, দাবীকৃত ভিডিওতে তিনি যে ভঙ্গিতে দাঁড়িয়ে ও হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন বলে দাবি করা হচ্ছে, আসল ভিডিওতে সেই একই ভঙ্গিতে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে সিপিআই(এম)-এর সঙ্গে মতভেদ তুলে ধরে তৃণমূল কংগ্রেসের প্রশংসা করছেন।

প্রতীক উর-এর অডিও ভাষণের ভিডিওটি খুজে বের করতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, Mj digital Tv’ নামক ইউটিউব চ্যানেলে পেয়েও যায়। মঞ্চে লাগানো ব্যানারে তারিখ দেওয়া রয়েছে- ২৫ সেপ্টেম্বর, ২০২৫। পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সদের ধর্ষণ করার ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিআই কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভা থেকে তিনি এই মন্তব্য করেছিলেন। 

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরে, পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য কর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস-এর বিরুদ্ধে। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সিপিআই(এম) পাঁশকুড়া বাজারে মিছিল ও পাঁশকুড়া থানায় গন ডেপুটেশনের কর্মসূচি করেছিল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে,  ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সিপিআই (এম)-এ থাকাকালীন পাশকুড়ার এক প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করে দেওয়া তাঁর ভাষণের অডিওকে তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ের ভিডিওর সঙ্গে জুড়ে বিভ্রান্তিকর দাবিসহ শেয়ার করা হচ্ছে। 

Result Stamp

Title: তৃণমূলের যোগদান করে তৃণমূলকেই চোর, ডাকাত ও ধর্ষক বললেন প্রতীক উর রহমান? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *