
চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি সৈন্য মহড়ার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি ইরানি সৈন্যদের সাম্প্রতিক প্রস্তুতির দৃশ্য এবং চলমান সংঘাত মোকাবিলায় তারা এই মহড়া পরিচালনা করছে। ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক সেনাসদস্য একটি আনুষ্ঠানিক আয়োজনে উপস্থিত রয়েছেন। সেখানে সামরিক পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সেনাদের পাশাপাশি মঞ্চে বক্তব্য দেওয়ার দৃশ্যও দেখা যায়। কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন এবং মহড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।
ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে,”বাঘের মতো হুঙ্কার ছেড়ে যুদ্ধে নামলো ইরান। একের পর এক আমেরিকা এবং ইজরায়েল হামলা চালাচ্ছি ইরান।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ইরাকি সেনাপ্রধান আব্দুল আমির রশিদ ইয়ারাল্লার তত্ত্বাবধানে ‘গোল্ডেন ফ্যালকন ৮’ মহড়ার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
ফেসবুক পোস্ট
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওর দৃশ্য সম্বলিত তুলনামুলক ছোট একটি ভিডিও ইরাকি সাংবাদিক ‘Maher Mouhi’-এর ফেসবুক প্রোফাইলে পাওয়া যায়। ২৫ ডিসেম্বর,২০২৫, তারিখের এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সোনালি ঈগল মহড়ায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে ইরাকি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের জোরালো উপস্থিতি।“
ইরাকের সেনাপ্রধানের অফিসিয়াল ইন্সতা পেজ থেকে ভিডিওটি ২৪ ডিসেম্বর, ২০২৫, তারিখে পোস্ট করে জানানো হয়েছে- আব্দুল আমির রশিদ ইয়ারাল্লা-এর তত্ত্বাবধানে স্টাফ কলেজে ‘গোল্ডেন ফ্যালকন ৮’ নামে একটি কৌশলগত যুদ্ধাভিনয় অনুষ্ঠিত হয়েছে। কোর ও ডিভিশন পর্যায়ে পরিচালিত এই মহড়ার লক্ষ্য ছিল আধুনিক যুদ্ধের চাহিদা অনুযায়ী কমান্ডার ও স্টাফদের নেতৃত্ব ও সমন্বয় দক্ষতা উন্নয়ন। অনুষ্ঠানে সামরিক ও আন্তর্জাতিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
২০ ডিসেম্বর,২০২৫, তারিখে এই অনুশীলনের উদ্বোধন করেছিলেন ইরাকি সেনাপ্রধান আব্দুল আমির রশিদ ইয়ারাল্লা।
সেই মহড়ায় বিভিন্ন নেতৃত্বের উপস্থিতি অব্যাহত ছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইরাকি সেনাপ্রধান আব্দুল আমির রশিদ ইয়ারাল্লার তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘গোল্ডেন ফ্যালকন ৮’ মহড়ার পুরোনো ভিডিওকে ইরানি সৈন্যদের সাম্প্রতিক প্রস্তুতির দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে।
Title:ইরাকি সেনাসদস্যদের ‘গোল্ডেন ফ্যালকন ৮’ মহড়ার পুরোনো ভিডিওকে ইরানি সৈন্যদের সাম্প্রতিক প্রস্তুতির দৃশ্য বলে দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

