কিশ্তওয়ারে মক ড্রিলের ভিডিওকে জঙ্গি হামলার দাবি করে শেয়ার 

Misleading Social

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে সম্প্রতি জঙ্গি হামলা হয়েছে এবং ভিডিওটি সেই ঘটনার দৃশ্য। ভিডিওতে দেখা যায়, সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স মাঠে প্রবেশ করছে, মাটিতে আহত ব্যক্তিরা পড়ে আছেন এবং এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জম্মু – কাশ্মীর Kishtwar আবার হলো আতংবাদি হামলা !” 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি মক ড্রিলের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে সম্প্রতি কোনো জঙ্গি হামলা হয়েছে কি না তা জানতে গুগলে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়। এতে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এমন ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। কিশ্তওয়ারের মতো এলাকায় জঙ্গি হামলা ঘটলে তা অবশ্যই সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেত, কিন্তু এমন কোনো খবরের অনুপস্থিতি ইঙ্গিত করে যে সম্প্রতি সেখানে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি।

ভিডিওটির প্রকৃত উৎস ও প্রেক্ষাপট জানতে সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে আহতদের ঘিরে অনেকেই ভিডিও ধারণ করছেন এবং বিভিন্ন দৃশ্যে লোকজনের ছুটোছুটির মধ্যেও ভিডিও করা হচ্ছে। এসব লক্ষণ থেকে ধারণা করা যায়, ভিডিওটি সম্ভবত একটি মক ড্রিলের অংশ।

গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ‘Jammu Ladakh Vision’-এর ফেসবুক পেজে ভিডিওটি ২৩ এপ্রিলে পোস্ট করে লেখা হয়েছে,”জম্মু ও কাশ্মীর: কিশ্তওয়ার জেলায় সিভিল ডিফেন্সের মক ড্রিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।“ 

https://www.facebook.com/reel/2211298596339876

কাশ্মীর অবজার্ভার-এর ২৩ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, কিশ্তওয়ারে একটি বড় মহড়ায় পুলিশ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF), রেড ক্রস, স্থানীয় এনজিও, এনসিসি ক্যাডেট, সিআরপিএফ ও সিআইএসএফের পাশাপাশি সিভিল প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই মহড়ায় উদ্ধার অভিযান, সরিয়ে নেওয়ার প্রক্রিয়া, প্রতিক্রিয়ার সময় এবং জননিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল যাচাইয়ের উপর জোর দেওয়া হয়। 

২২ এপ্রিলে কিশ্তওয়ার জেলা প্রসাশন এর তরফ থেকে একটি নোটিশ জারি করে জানানো হয়েছিল-জেলা প্রশাসন, সমস্ত লাইন বিভাগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে সমন্বয় করে, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ক্ষমতা বাড়াতে 23-04-2026 তারিখে 02:00 PM জেলা সদর দফতর, কিশতওয়ারে একটি সিভিল ডিফেন্স এয়ার রেইড/ব্ল্যাকআউট মক এক্সারসাইজ করবে৷ সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং মক অনুশীলনটি সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOPs)/অ্যাকশন প্ল্যান অনুযায়ী অনুশীলনটি কঠোরভাবে সম্পন্ন করা হয়েছে তা নিশ্চিত করার জন্য সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত/পরামর্শ দেওয়া হচ্ছে। 

কিশ্তওয়ার জেলার ডেপুটি কমিশনার শ্রী পঙ্কজ কুমার শর্মা- এই মক ড্রিলের উদ্দেশ্য সহ যাবতীয় তথ্য প্রেস সাক্ষাৎকারে বর্ণনাও করেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি মক ড্রিলের ভিডিওকে জঙ্গি হামলার ভুয়ো দাবির সঙ্গে শেয়ার করা হচ্ছে।

Result Stamp

Title: কিশ্তওয়ারে মক ড্রিলের ভিডিওকে জঙ্গি হামলার দাবি করে শেয়ার 

Written By: Nasim A

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *