
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে। ভোট শেষ হতেই কেন্দ্র সরকারের নামে, মোদী সরকারের সমালোচনা করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত একটি কথিত অর্ডার কপি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করা হচ্ছে যে, সম্প্রতি পেট্রোলের দাম প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১২.৫ টাকা বাড়ানো হয়েছে।
এটি শেয়ার করে এক ফেসবুক ইউজার লিখেছেন,”ভোট শেষ হতেই বিশ্ব গুরুর আশীর্বাদে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল‼️😡 এরপর এখনো যারা ভোট দিতে বাকি আছেন, ভেবে চিন্তে ভোট দিন ‼️ একটি ভোটও বিজেপি কে দেবেন না ❌।।“
অন্য এক ইউজার লিখেছেন,”ভোট শেষ, গুরুর খেল শুরু….. পেট্রোলের ও ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত মন্ত্রণালয়ের নামে যে আদেশ কপিটি শেয়ার করা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।


তথ্য যাচাইঃ
এই আদেশ কপিটি আদৌ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশ করা হয়েছে কি না, তা যাচাই করতে আমরা প্রথমে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর অস্তিত্ব খুঁজে দেখি। সেখানে এই ধরনের কোনো আদেশ কপির অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, মন্ত্রণালয়ের তরফ থেকে গ্যাস সংক্রান্ত সর্বশেষ আদেশ কপিটি ১ এপ্রিল, ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত অন্যান্য আদেশ কপির সঙ্গে ভাইরাল এই কপিটির তুলনা করলে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, প্রেস বিবৃতির উপরে সরাসরি মন্ত্রালয়ের উল্লেখ করার আগে অর্ডার নম্বর বা ক্রমিক নম্বর লেখা হয়। প্রকাশের তারিখ মাঝে নয়, এক সাইডে লেখা হয়। যা নিচে লাল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট যে, তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত ভাইরাল এই আদেশ কপিটি বানোয়াট।
‘পিআইবি’র অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল এই আদেশ কপিটিকে ভুয়ো বলে খণ্ডন করা হয়েছে এবং জানানো হয়েছে যে, ভারত সরকার এ ধরনের কোনো আদেশ জারি করেনি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত মন্ত্রণালয়ের নামে যে আদেশ কপিটি শেয়ার করা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।

