
পশ্চিমবঙ্গসহ মোট ১২টি রাজ্যে ভোটার শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। আর এই আবহেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর পোস্টের বন্যা। সম্প্রতি আমাদের নজরে আসা একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, এসআরআই এর আবহে অবৈধ বাংলাদেশিরা নাকি সারিবদ্ধভাবে দেশ ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কাতারে কাতারে ভারত ছাড়ার হিড়িক ইন্দো বাংলা সীমান্তে। #newsbangotime #NewsUpdate #newsfeed #news #newstoday #sir #NRC #indiabangladeshborder #TMCWestBengal#bjpwestbangal #TMC #BJP4IND #ElectionCommission।“
তথ্য যাচাই করে আমরা দেখেছি যে ভিডিওটি ১৩ আগস্টের, অর্থাৎ রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগের। দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকের পর ২২ জন অবৈধ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তরের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর পুরোনো ভিডিওটিকে ভুয়ো দাবির সঙ্গে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
ভাইরাল এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওর দৃশ্য সম্বলিত বেশ কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। ‘ঢাকা প্রকাশ’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৩ আগস্ট ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাস করা ২২ জন বাংলাদেশিকে উদ্ধার করে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

| প্রতিবেদন | আর্কাইভ |
যুগান্তর, চ্যানেল২৪, যায়যায় দিন-এর প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। জানানো হয়েছে,২২ বাংলাদেশির মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর,খুলনা, রাজবাড়ী, নরসিংদী, পিরোজপুর, শরীয়তপুর, বাঘেরহাট, নওগাঁ, ঠাকুরগাও, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায়। এরা জীবিকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতের হায়দারাবাদে ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করতো। ভারতে পুলিশি অভিযানে তাদের আটক রা হয় এবং ঠিকানা হয়েছিল কারাগার। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এদের আজ দুপুর ১২ টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে এসআরআই এর আবহে অবৈধ বাংলাদেশিরা সারিবদ্ধভাবে দেশ ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়ার দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি ১৩ আগস্টের অর্থাৎ রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগের। দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকের পর ২২ জন অবৈধ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তরের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর পুরোনো ভিডিওটিকে এসআইআর-এর সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।
Title:দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আনুষ্ঠানিক বৈঠকের পর অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পুরোনো ভিডিওটিকে এসআইআর আবহে ভুয়ো দাবিতে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult:Missing Context

