
ইরান–ইজরায়েল–আমেরিকা সংঘর্ষের প্রেক্ষাপটে নাবিকদের আত্মসমর্পণের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে এতে ইরানের হাতে মার্কিন সৈন্যদের বন্দী হওয়ার দৃশ্য দেখানো হয়েছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”#🚨 জরুরি: ইরান মার্কিন সৈন্যদের আটকের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ১০ বছর পুরনো।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই ভাইরাল ভিডিও কেন্দ্রিক বেশ কিছু সংবাদ উপস্থাপন পেয়ে যায়। সিএনএন-এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি ১৩ জানুয়ারি,২০১৬, তারিখে আপলোড করে জানানো হয়েছে- ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এই ভিডিওতে ইরানি নৌবাহিনীর হাতে ১০ জন মার্কিন নাবিক আটক হওয়ার মুহূর্ত দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার দ্বারা অর্থায়িত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভয়েস অফ আমেরিকা সহ বিবিসি, ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের ১৩ জানুয়ারিতে ইরানের বিপ্লবী গার্ড কর্পস দশজন মার্কিন নৌবাহিনীর নাবিককে আটক করে। পারস্য উপসাগরের ফারসি দ্বীপের কাছে তাদের নৌকা ইরানের জলসীমায় ভেসে গেলে তাদের আটক করা হয়। ইরানি কর্তৃপক্ষ যে ফুটেজ প্রকাশ করে তাতে দেখা যায়, আমেরিকান নাবিকরা মাথার পিছনে হাত রেখে হাঁটু গেড়ে বসে আছেন। রাতভর আটকে রাখার পর ক্রু সদস্যদের নয়জন পুরুষ ও একজন নারী মুক্তি দেওয়া হয়। পরে মার্কিন নৌবাহিনীর এক তদন্তে জানানো হয়, ধারাবাহিক কিছু ত্রুটির কারণে নাবিকদের ওই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড কর্পস কর্তৃক দশজন মার্কিন নৌবাহিনীর নাবিককে আটকের ভিডিওটি সাম্প্রতিক চলমান ইরান–আমেরিকা সংঘর্ষের প্রেক্ষাপটে শেয়ার করা হচ্ছে।

