ইয়েমেনের মহিলা স্কুলে হুথি হামলার পুরনো ভিডিওকে রাজ্যে মাদ্রাসায় হিন্দু হামলার দাবি করে শেয়ার

Communal False

বিপুল জনসমর্থন পেয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির এই জয়ের পর সামাজিক মাধ্যমে মুসলিমদের ওপর হামলার দাবি করে বিভিন্ন প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক ভিডিও শেয়ার হতে দেখা যাচ্ছে। সম্প্রতি একই প্রেক্ষিতে একটি ভিডিও আমাদের নজরে আসে, যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একটি মহিলা মাদ্রাসায় হামলা চালিয়েছে একদল হিন্দু। ভিডিওতে বোরখা পরিহিত কয়েকজন মেয়েকে আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করতে দেখা যায়।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বিজিপি বোটে জেতার পর মহিলা মাদ্রাসায় যা ঘটলো তা শুনলে আপনিও কেঁদে ফেলবেন।“  

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়, বরং এটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের একটি মহিলা স্কুলে হুথিদের হামলার ঘটনার।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ‘Lere Olayinka’-এর ফেসবুক প্রোফাইল থেকে ২১ সেপ্টেম্বর,২০২৪, তারিখে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে,”ইয়েমেনে হুথি মিলিশিয়া একটি মেয়েদের স্কুলে অভিযান চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিলিশিয়ার সদস্যরা স্কুলে প্রবেশ করে ছাত্রীদের বের করে দেয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। হুথি আন্দোলন, যা আনুষ্ঠানিকভাবে ‘আনসার আল্লাহ’ (আল্লাহর সমর্থক) নামে পরিচিত, ইয়েমেনে ১৯৯০-এর দশকে গড়ে ওঠা একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।“ 

উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে একই ভিডিও কেন্দ্রিক ইয়ামেন ভিত্তিক সংবাদ মাধ্যম ‘YemenShabab Tv News’-এর ১৪ সেপ্টেম্বর, ২০২৪, তারিখের উপস্থাপন পাওয়া যায়। উপস্থাপন অনুযায়ী, আল-হুথি (Houthi) মিলিশিয়ারা ইয়েমেনের হামদান নামক একটি এলাকায় মেয়েদের স্কুলে জোরপূর্বক প্রবেশ করে। স্কুল প্রশাসন ইয়ামেনের ২৬ সেপ্টেম্বর বিপ্লবের বার্ষিকী উপলক্ষে একটি জাতীয় উদযাপনের আয়োজন করছিল, যা হাউথি মিলিশিয়াদের পছন্দ ছিল না। তারা স্কুলটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 

ইয়ামেন ভিত্তিক সংবাদ মাধ্যম ‘nabd’-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানা-তে হুতি সশস্ত্র মিলিশিয়ারা মেয়েদের একটি স্কুলে জোরপূর্বক প্রবেশ করে। স্কুল কর্তৃপক্ষ তাদের ভবনের দেয়ালে হুতিদের ধর্মীয় ও রাজনৈতিক সবুজ রঙের ব্যানার এবং পতাকা লাগাতে অস্বীকৃতি জানিয়েছিল। এছাড়া স্কুলের ছাত্রীরা হুতিদের দ্বারা আয়োজিত ‘মিলাদুন্নবী’ (নবী মুহাম্মদের জন্মদিন) সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠান উদযাপন করতে রাজি হয়নি।এই অস্বীকৃতির জেরে হুতি মিলিশিয়ারা হামদান জেলায় অবস্থিত ওই বালিকা বিদ্যালয়টিতে চড়াও হয়। তারা স্কুল প্রাঙ্গণ থেকে ছাত্রীদের জোরপূর্বক তাড়িয়ে দেয় এবং স্কুলটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, পশ্চিমবঙ্গের মহিলা মাদ্রাসায় হিন্দুদের হামলা চালানোর দাবিটি মিথ্যা। এটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ইয়ামেনের একটি মহিলা স্কুলে হুথিদের হামলার ঘটনার। 

Result Stamp

Title: ইয়েমেনের মহিলা স্কুলে হুথি হামলার পুরনো ভিডিওকে রাজ্যে মাদ্রাসায় হিন্দু হামলার দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *