
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো জোরকদমে প্রচার শুরু করেছে তৃনমূল কংগ্রেস ঘোষণা করেছে যে তারা এই নির্বাচনে কোনো জোটে অংশ নেবে না এবং ২৯৪টি আসনে একাই লড়বে। এই নির্বাচনী প্রেক্ষাপটে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন তৃনমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে কংগ্রেস তাদের সমর্থন করবে।
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। প্রদেশ কংগ্রেস সভাপতি এরকম কোন মন্তব্য করেননি।


তথ্য যাচাইঃ
শুভঙ্কর মিশ্র এই ধরনের কোনো মন্তব্য করেছেন কি না তা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করা হয়। অনুসন্ধানে এমন কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, যেখানে বলা হয়েছে যে তৃনমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা না পেলে কংগ্রেস তাদের সমর্থন করবে। কংগ্রেসের পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ মন্তব্য করা হলে তা অবশ্যই গণমাধ্যমের শিরোনামে স্থান পেত। কিন্তু সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর না থাকায় ধারণা করা যায়, ভাইরাল দাবিটি মনগড়া।
আরও খুঁজতে খুঁজতে ভাইরাল দাবিকে খণ্ডন করে জাতীয় কংগ্রেসের একটি প্রেস বার্তা পাওয়া যায়। এই বিবৃতে লেখা হয়েছে,”পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি (WBPCC) জোরালোভাবে কিছু বিভ্রান্তিকর ও তথ্যভিত্তিকভাবে ভুল প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে, যা কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আসন্ন নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতায় ঘাটতি হলে তৃনমূল কংগ্রেসকে সমর্থন করবে।
এই ধরনের বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নামে ভুয়োভাবে প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, PCC সভাপতির পক্ষ থেকে এ ধরনের কোনো মন্তব্য করা হয়নি। এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন এবং বিভ্রান্তিকর।
পশ্চিমবঙ্গে কংগ্রেস দল আসন্ন নির্বাচনে পূর্ণ শক্তি ও দৃঢ়তার সঙ্গে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্পষ্ট লক্ষ্য হলো—বর্তমান তৃণমূল সরকারকে প্রতিস্থাপন করে রাজ্যের মানুষকে একটি বিশ্বাসযোগ্য ও কার্যকর বিকল্প প্রদান করা।
এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, যা ভোটারদের বিভ্রান্ত করা এবং রাজ্যে কংগ্রেসের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানকে দুর্বল করার একটি পরিকল্পিত চেষ্টা বলে মনে হচ্ছে। WBPCC ইতিমধ্যেই সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ করে এসব ভুয়ো প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার এবং সংশোধনের দাবি জানিয়েছে। পাশাপাশি, এই বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তৃনমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা না পেলে জাতীয় কংগ্রেস সমর্থন দেবে-এমন কোনো মন্তব্য কংগ্রেসের পক্ষ থেকে করা হয়নি। দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর।

