
হাওড়া, শিয়ালদহ ও দমদম স্টেশন চত্বরে সম্প্রতি অবৈধ দখল ও হকার উচ্ছেদে বুলডোজার অভিযান চালানো হয়েছে। এই উচ্ছেদকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখা গেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে দুই খুদে মেয়ের কান্নার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বুলডোজার অভিযানে বাবার দোকান ভেঙে দেওয়ার পর ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদছে তারা।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাবার ছোট্ট খাবারের দোকানটাই ছিল সংসারের একমাত্র ভরসা। আজ স্টেশনে সেই দোকান ভেঙে যেতে দেখে স্কুল থেকে ফেরা দুই ছোট্ট মেয়ে কান্নায় ভেঙে পড়ল। তাদের চোখের জল শুধু দোকান হারানোর নয়, স্বপ্ন হারানোরও। যে বাবার ঘামে সংসার চলত, আজ তার অসহায় মুখ দেখে সন্তানদের বুক ফেটে যাচ্ছে। 💔 #বাবার_সংগ্রাম #অসহায়_পরিবার #মানবিকতা।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক বুলডোজার অভিযানের সঙ্গে সম্পর্কিত নয়। এটি ২০২৪ সালে বোলপুর শান্তিনিকেতনে অবৈধ দোকান উচ্ছেদের সময়ের, যেখানে বাবার ভাঙা দোকান দেখে দুই শিশু কাঁদছিল।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে এই ভিডিও পাওয়া যায়। ২৮ জুন, ২০২৪, তারিখে করা এই পোস্টে তিনি এটিকে বোলপুরে দোকান উচ্ছেদের ঘটনা জানিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন,”বোলপুরে ভেঙে ফেলা হয়েছে ঘর ও বাবার দোকান, স্কুল থেকে ফিরে সব সম্বল হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছে দুই খুদে !!! বোলপুর-শ্রীনিকেতন রোডের উপর অবস্থিত ছিল এই দোকান।…”
‘দি অয়্যার’-এর ১৬ আগস্ট, ২০২৪, তারিখের প্রতিবেদনেও এটিকে বীরভূমের ঘটনা বলে জানানো হয়। ছোট বাচ্চাদের মা, দেবজানী দাস, বলেছিল,”ওই দোকানটাই ছিল আমার সন্তানদের পড়াশোনা আর সংসার চালানোর একমাত্র ভরসা। এখন আমাদের কী হবে?”
‘নিউজ১৮ বাংলা’, ‘এই সময়’-এর ২০২৪ সালের প্রতিবেদনেও এটিকে বোলপুর শান্তিনিকেতন গার্লস স্কুলের সামনে অবৈধ দোকান ভেঙ্গে ফেলার বলে জানানো হয়। সমস্ত বেআইনি নির্মাণ বা সরকারি জমি থেকে জবরদখল হঠাতে কড়া পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর গার্লস স্কুলের সামনে কোনও অনুমতি ছাড়াই সরকারি জমিতে একটি তেলেভাজার দোকান দিয়েছিলেন রাজু। নিয়ম মেনেই প্রশাসন সেই দোকান সরিয়েছিল প্রশাসন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক বুলডোজার অভিযানের সঙ্গে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০২৪ সালের, যখন তৃণমূল সরকারের আমলে বোলপুরের শান্তিনিকেতন গার্লস স্কুলের সামনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। সেই সময় বাবার ভাঙা দোকানের পাশে কাঁদতে দেখা যায় দোকানদার রাজুর দুই খুদে মেয়েকে।

