
আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে সরকার কোরবানিযোগ্য গবাদিপশু জবাই নিয়ে ১৯৫০ সালের আইনের ভিত্তিতে একটি নতুন সার্কুলার জারি করেছে। এরপর থেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষ বিপাকে পড়েছেন। নিয়মের কারণে অনেকে গরু কিনতে পারছেন না। অন্যদিকে, গরু পালন ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহকারী হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। এমনকি, কিছু গরু ব্যবসায়ী শুভেন্দু অধিকারীকে নিশানা করে তীব্র কটাক্ষ করছেন। এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গরু ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর ক্ষুব্ধ হয়ে রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন। ভিডিওতে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভের মুখে দেখা যায় এবং ক্ষুব্ধ স্লোগানদাতাদের ধাওয়া করতে দেখা যায়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”গরু ব্যবসায়ীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ জানাচ্ছে।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ২৯ এপ্রিলের অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের দিনের। কালীঘাট ও হরিশ্চন্দ্র চ্যাটার্জি রোডের সংযোগস্থলের ভোটিং কেন্দ্র পরিদর্শনে গেলে তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দিয়েছিল তৃনমূল সমর্থকরা। পুরনো সেই ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই একই ভিডিও ‘News bangla’ নামক ইউটিউব চ্যানেলে এবং ‘এক ঝলক’ নামের ফেসবুক পেজে পাওয়া যায়। ২৯ এপ্রিলে আপলোড করা এই পোস্টের ক্যাপশনে জানানো হয়- কালীঘাটে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী ভবানীপুরের বুথে তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাল্টাচালানি দিয়ে বিক্ষোভকারীদের ‘বহিরাগত’ বলে তোপ দাগেন তিনি। পরিস্থিতি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে এবিপি আনন্দ, নিউজ১৮ বাংলার সংবাদ উপস্থাপন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ২৯ এপ্রিলে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহনের দিন শুভেন্দু অধিকারী কালীঘাট এবং হরিশ্চন্দ্র চ্যাটার্জি রোডের সংযোগস্থলে জয় হিন্দ ভবন পরিদর্শনে গেলে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। চোর চোর স্লোগানের সম্মুখীন হয়েছিলেন তিনি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিন্দু গরু ব্যবসায়ীদের শুভেন্দু অধিকারীকে ঘিরে রাজপথে বিক্ষোভের দাবিটি মিথ্যা। ভিডিওটি ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিনের, যখন কালীঘাটে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তৃণমূল সমর্থকেরা তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। পুরনো ভিডিওটি বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে।

