
বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাহুল গান্ধীর একটি ছোট্ট ভাষণের ক্লিপ সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তিনি নাকি রাজ্যে বিজেপির জয়ের কথা স্বীকার করে বলেছেন টিএমসি বিজেপির সঙ্গে মোকাবিলা করতে পারবে না। ভিডিও ক্লিপেও তাকে সেই কথাটি বলতে শোনা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”টিএমসি বিজেপির সাথে মোকাবেলা করতে পারবে না,বললেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী টিএমসি ও বিজিপি কি বললেন। #বিজেপি #BJP #বাংলা #বঙ্গজড়ো।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ভিডিওটি ক্লিপড। অর্থাৎ, তার দীর্ঘ ভাষণের একটি ছোট অংশ কেটে নিয়ে বিভ্রান্তিকর দাবির সঙ্গে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, জাতীয় কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীর ভাষণের তুলনামুলক দীর্ঘ ভিডিও পাওয়া যায়। ভিডিওর এই ভাষণে তিনি বলছেন,“টিএমসি বিজেপির মোকাবিলা করতে পারে না-এটা ভুলবেন না। যদি কোনো দল বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং বিজেপিকে হারাতে পারে তবে সেই দলের নাম কংগ্রেস পার্টি। আপনাদের বিরুদ্ধে যা কিছু ঘটছে, এসআইআর হচ্ছে, ভোট চুরি হচ্ছে তা তৃণমূল থামাতে পারবে না। আপনাদের ওপর বিজেপি যে অত্যাচার করছে বাংলায় ও দেশে, ভোট কেটে নিচ্ছে, হিংসা ছড়াচ্ছে তা তৃণমূল থামাতে পারবে না। কংগ্রেস পার্টিই তা থামাতে পারে এবং এই কথাটা বিজেপি জানে। বিজেপি জানে যে তৃণমূল কংগ্রেস তাদের হারাতে পারবে না কিন্তু কংগ্রেস পার্টি তাদের পরাজিত করতে পারে।“
১৪ এপ্রিলে মালদার চাঁচলের কলম ময়দান থেকে দেওয়া তার ভাষণের পুরো ভিডিওটি নীচে দেখুন। ৩২ মিনিট ১৩ সেকেন্ডের পর থেকে ভাইরাল ভিডিওর অংশটুকু দেখা যাবে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রাহুল গান্ধীর ভাইরাল ভিডিওটি অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। আসলে তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বিজেপির মোকাবিলা করতে পারবে না কারণ কংগ্রেসই একমাত্র দল যা বিজেপিকে হারাতে সক্ষম।

