
২০৭টি আসনে জয় লাভ করে স্বাধীনতার পর প্রথমবার বাংলায় বিজেপির সরকার গঠনের দাবি করা হচ্ছে। ৯ মে বিকেল ৪টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এই প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে এটি শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বিজেপির পক্ষ থেকে জারি করা আমন্ত্রণপত্র।
এই আমন্ত্রণ পত্র শেয়ার করে এক ফেসবুক ইউজার ক্যাপশনে লিখেছেন,”ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ: শ্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ সমারোহ”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি বিজেপি এ ধরনের কোনো আমন্ত্রণপত্র জারি করেনি। এমনকি, বিজেপি এখনো মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেনি।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে প্রাসঙ্গিক গুগল সার্চ করি। জানতে পারি, এখন অবধি বিজেপি মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করেননি।
৬ মে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন, ৮ তারিখ নির্বাচিত বিধায়কদের নিয়ে আলোচনা হবে এবং দলীয় নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী চয়ন করা হবে। আরও জানান, ৯ তারিখ সকাল ১০ টায় ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠান হবে।
পশ্চিমবঙ্গ বিজেপির অফিশিয়াল ফেসবুক পেজে ভাইরাল এই আমন্ত্রণ পত্র কেন্দ্রিক একটি পোস্ট পাওয়া যায়। যেখানে, ভাইরাল এই আমন্ত্রণ পত্রকে ভুয়ো বলে জানানো হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিজেপি এ ধরনের কোনো আমন্ত্রণপত্র জারি করেনি। এমনকি, বিজেপি এখনো মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেনি।

