
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই একাধিক নীতি গ্রহণ ও ঘোষণা করছেন। ইতিমধ্যে রাজ্যে মহিলাদের জন্য ফ্রি বাস যাত্রা চালু হয়েছে। এই প্রেক্ষাপটে, সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, রাজ্যবাসীর জন্য একটি অভিযোগ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যার নম্বর ৯১৩৭০৯১৩৭০।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জনসেবাই আমাদের লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী মহাশয়। সাধারণ মানুষের পাশে ও মানুষের কাজে সব সময় পাওয়া যায়। তবুও কোন অভিযোগ থাকলে চালু করলেন হেল্প লাইন নাম্বার।“
তথ্য যাচাইয়ে আমরা পেয়েছি যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন পর্যন্ত কোনো অভিযোগ নম্বর চালু করেননি। ভাইরাল অভিযোগ নম্বরটি ২০২৩ সালে তৃণমূল সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির অংশ হিসেবে প্রচার করা হয়েছিল।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগল সার্চের মাধ্যমে জানার চেষ্টা করি, নতুন বিজেপি সরকার কোনো বিশেষ হেল্পলাইন নম্বর শেয়ার করেছে কি না। তবে, বিশ্বাসযোগ্য কোনো প্রতিবেদনে এই দাবির পক্ষে তথ্য পাওয়া যায়নি। এছাড়া, ২৬ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, আগামী সপ্তাহ থেকে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ এর পরিবর্তে ‘আপনার সরকারকে বলুন’ চালু করা হবে। পুরোনো নম্বরটিও রাখা হবে না এবং নতুন ফোন নম্বর চালু করা হবে।
তাহলে নম্বরটি কার?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ‘৯১৩৭০৯১৩৭০’ নম্বরটিকে গুগলে সার্চ করি। ফলস্বরুপ, পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগম-এর তরফ থেকে শেয়ার করা একটি পিডিএফ পাওয়া যায়। যেখানে জানানো হয়- ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হলো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রীর একটি উদ্যোগ, যার মাধ্যমে একটি কল সেন্টারের সাহায্যে রাজ্যের মানুষের (পশ্চিমবঙ্গের ভেতরে ও বাইরে অবস্থানকারী উভয়) সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে। এই কল সেন্টারটি কর্মদিবসে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস সময়ে কাজ করে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো, ঝামেলামুক্ত, নাগরিককেন্দ্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রতি রাজ্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা, যাতে নাগরিকদের প্রয়োজন ও উদ্বেগের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া দেওয়া যায়।

৯ জুন, ২০২৩, তারিখের সংবাদ প্রতিবেদন অনুযায়ী, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সাধারণ জনগণের অভাব অভিযোগের কথা শুনতে এই হেল্পলাইন নম্বরটি জারি করেছিল তৎকালীন তৃনমূল সরকার। ফোন করে নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ। নয়া কর্মসূচি কাজ করবে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের ধাঁচেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন পর্যন্ত কোনো অভিযোগ নম্বর চালু করেননি। ভাইরাল অভিযোগ নম্বরটি ২০২৩ সালে তৃণমূল সরকারের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির অংশ হিসেবে প্রচার করা হয়েছিল।

